রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে, বিজেপি বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি কুরচিকর মন্তব্য করার গুরুতর অভিযোগ আনা হয়েছে বিজেপি এবং তার সহযোগী দলের মন্ত্রী, বিধায়ক ও নেতাদের বিরুদ্ধে৷ বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিজেপি ও তার সহযোগী দলের চারজন নেতা, মন্ত্রী ও বিধায়কের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশের কাছে দাবী জানিয়েছেন অবিলম্বে এই অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার৷

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সিডব্লিওসি এর আমন্ত্রিত সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন পিসিসি সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস এর নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা রাজধানী আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে৷

শুধু তাই নয় দলের কর্মী সমর্থকরা কুরুচিকর মন্তব্যকারী বেশ কয়েকজন শাসকদলের নেতা মন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করেন৷ পরে পশ্চিম আগরতলা থানায় গিয়ে পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা একটি অভিযোগপত্র থানায় অফিসার ইনচার্জের হাতে তুলে দেন৷

যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সেই চারজন হলেন, সঞ্জয় গাইকোয়াড (মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক), রভনিত সিং বিট্টু (কেন্দ্রীয় সরকারের মন্ত্রী), তরভিন্দর সিং (দিল্লীর প্রাক্তন বিজেপি বিধায়ক) এবং রঘুরাজ সিং (উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী)৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি উক্ত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন৷

এদিকে, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় অভিযোগ করেছেন বিজেপির সহযোগী কিছু দলের নেতা মন্ত্রী এবং বিধায়করা রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে চলেছেন৷ এর প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে৷

পাশাপাশি সুদীপ রায় বর্মন অভিযোগ করে বলেন, রাহুল গান্ধী যখনই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তখনই তাঁকে নিয়ে নানা অপপ্রচার চালানো হয়৷ এটা বরদাস্ত করা হবে না৷

Recent Posts