সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে ২ অক্টোবর প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান শুরু

অনলাইন ডেস্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৪: দেশের জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে সারাদেশে আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান (PMJUGA) চালু করা হবে৷ এই কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে ৭৯,১৫৬ কোটি টাকা ব্যয় করা হবে। দেশের ৬৩ হাজার জনজাতি অধ্যুষিত গ্রামকে এই অভিযানের আওতায় আনা হবে।

এতে দেশের ৫ কোটি জনজাতি অংশের মানুষ উপকৃত হবেন। এই অভিযান কর্মসূচি আগামী ৫ বছর চলবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এ সংবাদ জানান৷

তিনি জানান, রাজ্যের ৮ জেলার ৫২টি ব্লকের ৩৯২টি জনজাতি সংখ্যাগরিষ্ট গ্রামকে এই কর্মসূচির আওতায় আনা হবে৷ এতে রাজ্যের ৮ লক্ষ ২৮ হাজার জনজাতি জনগণ উপকৃত হবেন। সাংবাদিক সম্মেলনে সচিব জানান, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান কর্মসূচিটি আগামী ২রা অক্টোবর, ২০২৪ ঝাড়খন্ডে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সূচনা করা হবে।

এই উপলক্ষে আগামী ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ নয়াদিল্লীতে একটি মন্থন শিবিরের আয়োজন করা হচ্ছে। তিনি জানান, এই অভিযান কর্মসূচিতে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে যোগ্য জনজাতি পরিবারদের মধ্যে পাকা ঘর প্রদান, পরিশ্রুত পানীয়জল, বিদ্যুৎ সরবরাহ, আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ ইত্যাদি।

এছাড়াও জনজাতি এলাকায় যোগাযোগ ব্যবস্থার প্রসারে সড়ক পরিকাঠামো উন্নয়ন, গুণগত শিক্ষা ও শিক্ষা পরিকাঠামো উন্নয়ন, জীবন জীবিকা নির্বাহে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, জনজাতি এলাকায় পর্যটন ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, মৎস্য চাষ ব্যবস্থার উন্নয়ন, মা ও শিশুর পুষ্টির বিকাশ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি কানেকশন প্রদান, টেলিকম যোগাযোগ ব্যবস্থার শক্তিশালীকরণ, জনজাতিদের স্বনির্ভর করে তোলা, মোবাইল মেডিকেল ইউনিট গঠন সহ স্বাস্থ্য পরিষেবার সার্বিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে।

সচিব জানান, এছাড়াও প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান কর্মসূচির মাধ্যমে জনজাতি এলাকায় বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির বাস্তবায়নে ঘাটতি সমূহগুলিকেও চিহ্নিত করে তার নিরসন করার উপরও গুরুত্ব দেওয়া হবে৷ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস৷

Recent Posts