অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর,২০২৪: অন্ত্যোদয় দিবস উপলক্ষে আজ বিকেলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু পুরাতন আগরতলা ব্লকের মেঘলিপাড়া গ্রাম পঞ্চায়ত অফিস প্রাঙ্গণে অন্ত্যোদয় পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেন।
অন্ত্যোদয় পরিবারগুলি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যথাযথভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে রাজ্যপাল খোঁজখবর নেন৷ আলোচনায় অংশ নেওয়া পরিবারের সদস্যরা জানান, তারা বিদ্যুৎ, পানীয়জলের সুবিধা, আবাস ও শৌচালয়ের সুবিধা সরকারের কাছ থেকে পেয়েছেন। শুধু তাই নয় আয়ুষ্মান ভারত কার্ডও তাদের দেওয়া হয়েছে।
রেশন শপ থেকে তারা নিয়মিতভাবে বিভিন্ন পণ্য সামগ্রী পাচ্ছেন বলেও রাজ্যপালকে জানিয়েছেন। রাজ্যপাল তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সাধারণ মানুষের সমস্যা নিরসনের জন্য সারাজীবন কাজ করে যাওয়া দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অন্ত্যোদয় দিবসটি উদযাপন করা হয়ে থাকে।
রাজ্যপালের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পুরাতন আগরতলা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, মেঘলিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।









