রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কলা উৎসব, সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদের মানসিক গঠনে সহায়ক ভূমিকা নেয় : জনজাতি কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৬ সেপ্টেম্বর,২০২৪: একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলাতেও এগিয়ে আসতে হবে। সংস্কৃতি চর্চা ও খেলাধুলা ছাত্রছাত্রীদের মানসিক গঠনে সহায়ক ভূমিকা নেয়। আজ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনাল সোসাইটির উদ্যোগে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে (ইএমআরএস) রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।

সুপারিবাগানস্থিত দশরথ দেব মেমোরিয়াল হলে অনুষ্ঠিত কলা উৎসবের সাথে কালচারেল ও লিটারেসি ফেস্টেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী আরও বলেন, রাজ্যে ইতিমধ্যে ৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয় রয়েছে। আরও ৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয় নির্মাণের কাজ চলছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীদিনে রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে রাজ্যের নাম উজ্জ্বল করবে।

কলা উৎসবে রাজ্যের ৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। কলা উৎসবে সংগীত, নৃত্য ও নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, টিআরপি ও পিটিজি দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা, টিআরএনসিআইটির অধিকর্তা আনন্দহরি জমাতিয়া প্রমুখ।

Recent Posts