অনলাইন ডেস্ক, ১৭ অক্টোবর, ২০২৪: ৩২তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব-২০২৪ আগামী ১৮-১৯ অক্টোবর পেঁচারথল ব্লকের রামগুণা চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। ব্লু সোসিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হবে।
১৮ অক্টোবর সন্ধ্যা ৫টায় রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের উদ্বোধন করবেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের তথ্য ও সংস্কৃতি বিভাগের এক্সিকিউটিভ মেম্বার সোহেল দেববর্মা, এমডিসি সঞ্জীব রিয়াৎ, এমডিসি বিমল চাকমা, এমডিসি স্বপ্নারাণী দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পেঁচারথল বিএসি’র চেয়ারম্যান সজল চাকমা, কুমারঘাট বিএসি’র চেয়ারম্যান তপনজয় রিয়াং, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা ও পুলিশ সুপার কান্তা জাঙ্গির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্লু সোসিও কালচারাল অর্গানাইজেশনের রাজ্য সভাপতি শান্তিরাই রিয়াং।
রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে হজাগিরি নৃত্য ছাড়া রাজ্যের মিশ্র সংস্কৃতির পরম্পরাকে উর্দ্ধে তুলে ধরতে ধামাইল নৃত্য, শিবের গাজন, বিজু নৃত্য, বিহু নৃত্য, মামিতা নৃত্য, চেরাও নৃত্য পরিবেশিত হবে বলে জানিয়েছেন ব্লু সোসিও কালচারাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক লালবাহাদুর রিয়াং।
তিনি আরও জানিয়েছেন, দু’দিনব্যাপী রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মন্ডপ খোলা হবে। এছাড়া থাকবে স্বসহায়ক দলের স্টল, রিয়াং সম্প্রদায় ও অন্যান্য জনজাতিদের চিরাচরিত পোশাক-পরিচ্ছদ, আচার অনুষ্ঠান প্রদর্শনের পরম্পরাগত স্টল। উৎসবে ১৯ অক্টোবর রিয়াং জনজাতিদের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে ব্লু সোসিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।









