অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর, ২০২৪: কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপন কর্মসূচিতে ধলাইজেলার সালেমা টাউনহলে গত ৭ ডিসেম্বর বিকেলে কৃষি চৌপালের প্রথম পর্বের সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়। এই প্রকল্পটি কৃষক ও কৃষি বিজ্ঞানীদের মধ্যে যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রাণালয়, কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগ, দূরদর্শন এবং আকাশবাণীর উদ্যোগে এই কর্মসূচির সূচণা হয়েছে। কৃষি চৌপালের প্রথম পর্বের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে সম্প্রতি ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র (আইসিএআর) কর্তৃক প্রকাশিত ৫৪টি নতুন ফসলের জাত নিয়ে আলোচনা করা হয়। এই ফসলগুলি রবি মরশুমের জন্য উপযুক্ত।
এই জাতের ফসলগুলি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা এবং আয়বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে। কৃষি চৌপালের গুরুত্ব হচ্ছে কৃষক এবং গবেষকদের মধ্যে জ্ঞান আদানপ্রদানের সেতু তৈরি করা, উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রবি মরশুমের জন্য উপযোগী উন্নত ফসলের জাত কৃষকদের সামনে তুলে ধরা, রেকর্ডকৃত কৃষক-বিজ্ঞানী আলোচনার মাধ্যমে উন্নত কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা।
উল্লেখ্য, কৃষি বিজ্ঞান কেন্দ্র, ধলাই এবং হিন্দুস্তান ইনসেক্টিসাইড লিমিটেড ইন্ডিয়া এবং কৃষি চৌপাল প্রকল্পে এই যৌথ উদ্যোগ কৃষকদের টেকসই কৃষি ও আধুনিক প্রযুক্তি গ্রহণে অনুপ্রাণিত করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই কর্মসূচি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের জন্য সচেতন ও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।









