সরখ চন্দ্র উচাই পাড়ায় বিশেষ স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর, ২০২৪: রতনপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির (এএএম)-এর অন্তর্গত সরখ চন্দ্র উচাই পাড়ায় গত ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান ও ধরটি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে জনসাধারণের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পরিষেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

এছাড়াও শিবিরের শেষে ১০০ দিনের যক্ষ্মা মুক্ত ক্যাম্পেইনের আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়ান এবং সম্ভাব্য যক্ষ্মা রোগীর সন্ধান চালানো হয়। পাশাপাশি গ্রামের মানুষের কাছে ধরটি আভা জন জাতীয় গ্ৰাম উৎকর্ষ অভিযান প্রকল্পকে আরও সহজলভ্য করার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়।

শিবিরকে সফল করতে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তাঁদের মধ্যে ছিলেন রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ সুস্মিতা মগ, ফার্মাসিস্ট অমল মজুমদার, ল্যাব টেকনিশিয়ান বুদ্ধ আদিত্য ধর, কমিউনিটি হেলথ অফিসার সান্ত্বনা দাস ও আশা কর্মী রুমা উচই।

এই উদ্যোগ এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন অনেকে। শিবিরে উপস্থিত ছিলেন বহু মানুষ, যাঁরা এই পরিষেবার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সুযোগ পেয়েছেন। সরখ চন্দ্র উচাই পাড়ায় এমন সফল স্বাস্থ্য শিবির আযোজনের জন্য স্বাস্থ্য দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এলাকাবাসী। এটি নিঃসন্দেহে জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটা অনুকরণীয় পদক্ষেপ। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts