অনলাইন ডেস্ক, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫ : দক্ষিণ ত্রিপুরা সুপারলিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে রূপাইছড়ি ওয়ারিয়র্স ও ঋষ্যমুখ স্টার-১১ দল প্রতিদ্বন্দিতা করবে। বিলোনীয়ার বি কে আই মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
আজ দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ও সমাহর্তা স্মিতা মল এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার এবং রাজ্যের খ্যাতনামা ক্রিকেট খেলোয়াড় মনিশঙ্কর মুড়াসিং প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, নেশা বিমুখ যুব সমাজ গঠন করাই এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য।








