অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫: দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালের অধীনে বড়পাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না মজুমদারের উপস্থিতিতে ১৭ ফেব্রুয়ারি পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের ভারপ্রাপ্ত অধিকর্তা ডাঃ সৌমিত্র মল্লিক পরিদর্শন করেন।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের ভারপ্রাপ্ত অধিকর্তা ডাঃ সৌমিত্র মল্লিক,পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের যুগ্মঅধিকর্তা ডাঃ জুবিলি দেববর্মা, দক্ষিণ ত্রিপুরার মুখ্যস্বাস্থ্য আধিকারিক, ডাঃ জে.এম. দাস, বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস এবং বিলোনিয়া পুর্তদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত দেববর্মা প্রমুখ। পরিদর্শনকালে নতুন ভবন নির্মাণের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হাসপাতাল ভবন সংলগ্ন কোয়ার্টার কমপ্লেক্স ভেঙে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা, কর্মীদের কোয়ার্টারগুলির কিছু সংস্কার করা যাতে সেখানে হাসপাতালের কাজ চালানো যায়, বহির্বিভাগ ও ডিসপেনসারি চালানোর জন্য অস্থায়ী কক্ষ নির্মাণ করা, যা এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় কোন বিঘ্ন না ঘটে। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকরা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব দেন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগে কাজ করার সহমত পোষণ করেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।









