পিএম কিষাণ যোজনার ১৯তম কিস্তি বিতরণ, সরকারের লক্ষ্য কৃষকদের আত্মনির্ভর করে তোলা : সমবায়মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫: কৃষকদের কল্যাণে সরকার অনেক প্রকল্পের বাস্তবায়ন করছে। সরকারের লক্ষ্য কৃষকদের আত্মনির্ভর করে তোলা৷ আজ শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনুস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।

উল্লেখ্য, বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক পিএম কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাগলপুরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ৯ কোটি ৭ লক্ষ সুবিধাভোগী কৃষকদের মধ্যে পিএম কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা প্রদান করেন। অনুষ্ঠানে কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সমবায়মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হর্টিকালচার রিসার্চের পরিচালন কমিটির সদস্য প্রদীপ বরণ রায়, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহঅধিকর্তা রাজীব চক্রবর্তী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট বি কে নন্দা। কৃষি প্রযুক্তির নানা বিষয় অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃষি সহায়ক সামগ্ৰী।