কৃষকদের আয় দ্বিগুণ হলে দেশ ও রাজ্যের অর্থনীতি মজবুত হবে ও দেশ এগিয়ে যাবে : পিনাকী দাস চৌধুরী

অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫: খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ এক কিষাণ সম্মান সমারোহ ও সব্জি প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশিক্ষণ সেন্টারে এই অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি কৃষকের আয় দ্বিগুণ করতে সরকার তাদের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।

কৃষকদের আয় দ্বিগুণ হলে দেশ ও রাজ্যের অর্থনীতি মজবুত হবে ও দেশ এগিয়ে যাবে। পরিবারিক আয় বাড়াতে সুসংহত পদ্ধতিতে চাষাবাদ করতে তিনি কৃষকদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চেবরি পঞ্চায়েত প্রধান শর্মিলা সরকার, বিশিষ্ট সমাজসেবী চয়ন রায়, জেলা কৃষি আধিকারিক সমীরণ চাকমা, জেলা হর্টিকালচার আধিকারিক সাবেন্দ্র দেববর্মা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী অর্ধেন্দু চক্রবর্তী, ড. সুরেশ চন্দ্র বিশ্বাস, ড. শুভ্রা শীল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ড. মনোজ সিং সাঁচান। অনুষ্ঠান উপলক্ষ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে সব্জি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে মোট ৭৩ জন কৃষক বিভিন্ন ধরনের সব্জি নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে প্ৰথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগে বিজয়ীদের হাতে বিধায়ক শ্রীদাস চৌধুরী পুরস্কার তুলে দেন৷ এছাড়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে মোট ৫ জন কৃষকের হাতে উন্নত জাতের ধান বীজের প্যাকেট তুলে দেন অতিথিগণ। এলাকার ২ জন কৃষকের হাতে ২টি সয়েল হেলথ কার্ডও তুলে দেন। অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিউজ লেটারের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন। সব্জি প্রদর্শনীতে কৃষি যন্ত্রাংশও প্রদর্শন করা হয়৷