লক্ষ্মীবিল গ্রামপঞ্চায়েতে ৭ দিনব্যাপী নৃত্য ও সংগীত কর্মশালা সমাপ্ত

অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী,২০২৫: বিশালগড় মহকুমার লক্ষ্মীবিল গ্রামপঞ্চায়েতে ৭ দিনব্যাপী নৃত্য ও সংগীত কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান আজ সরকারি টিলা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব৷

অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ সহ যুবাদের বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ বিশেষ করে নেশা, গার্হস্থ্য হিংসা, বাল্যবিবাহ প্রভৃতির কবল থেকে বেরিয়ে আসতে সাংস্কৃতিক কর্মশালা সহ সাংস্কৃতিক চর্চার ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতশী দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েল দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক কাকলি ভৌমিক। ৭ দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৩৫ জন ছাত্রছাত্রী সমাপ্তি দিনে নৃত্য ও সংগীতানুষ্ঠান পরিবেশন করে। তাদের শংসাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তপন দাস, সরকারি টিলা উচ্চবিদ্যালয়ের এইচ এম সি কমিটির চেয়ারম্যান শ্যামল দবনাথ, বিশালগড় মহকুমা ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য জিতেন্দ্র চন্দ্র সাহা, প্রসেনজিৎ চক্রবর্তী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।