অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী,২০২৫: খোয়াই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ লক্ষ্মীনারায়ণপুর গ্রামপঞ্চায়েতের গৌরাঙ্গটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে এক দিনের মেগা আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন খোয়াই জেলা দায়রা বিদ্যালয় তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান বেদাপ্রতীম দেববর্মা।
শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা আইনি পরিষেবা অথরিটির চেয়ারম্যান তথা জেলার অতিরিক্ত দায়রা বিচারক মানবেন্দ্র দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ণ কৃষ্ণ চক্রবর্তী, ডিসিএম কিশোর দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল, খোয়াই আইনজীবি সমিতির সভাপতি ননীগোপাল দেবনাথ, লক্ষ্মীনারায়নপুর গ্রামপঞ্চায়েতের প্রধান মনোজ দেব এবং খোয়াই দিব্যোদয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচার, ত্রিপুরা মানবাধিকার কমিশনের ডেপুটি এসপি এল মলসম প্রমুখ। এই শিবিরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ৫ জনকে ম্যারেজ সার্টিফিকেট, ৮ জনকে পিআরটিসি, ৫ জনকে ওবিসি, ৩ জনকে এসসি এবং ২ জনকে এসটি সার্টিফিকেট প্রদান করা হয়।
শিবিরে ৬২ জনের আধার কার্ড আপডেট করানো হয়। খোয়াই ব্লকের ৪টি স্বসহায়ক দলকে ৯ লক্ষ টাকার ঋণের চেক, কল্যাণপুর ব্লক এলাকার ৪টি স্বসহায়ক দলকে ৯ লক্ষ টাকার ঋণ মঞ্জুরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ১০ জন মহিলাকে পুষ্টিকর খাবারের প্যাকেট দেওয়া হয়৷ বন দপ্তরের পক্ষ থেকে ১৩০ জন সুবিধাভোগীকে আগর ও বাঁশের চারা দেওয়া হয়।
মৎস্য দপ্তরের পক্ষ থেকে ২ জনকে কেসিসি ঋণ প্রদান করা হয়। ১০ জনকে মৎস্যচাষি হিসেবে নথিভুক্ত করা হয়। দিব্যোদয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এলাকার কৃষকদের খাসা ধানের বীজ, ভার্মি কম্পোস্ট সার এবং মাশরুমের বীজ বিতরণ করা হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ৩৫টি পরিবারের ৩২২টি গবাদি পশু-পাখির স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
আইনি পরিষেবা শিবিরে আলোচনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি খোয়াই জেলা লোক আদালতের স্থায়ী সদস্য সমীর কুমার দাস৷ তিনি বলেন, এই শিবিরের মূল উদ্দেশ্য হল দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া৷ তারা যেন ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা৷ অন্যান্য অতিথিগণও শিবিরে আলোচনা করেন৷ স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলা আইনি পরিষেবা অথরিটির সেক্রেটারি রামানুজ ভট্টাচার্য।









