১৫ জুন থেকে উনকোটি জেলায় ধরতি আবা জনভাগিদারি অভিযান

অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: ঊনকোটি জেলার ৪টি ব্লকের ১৭টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের ২১টি জনজাতি অধ্যুষিত গ্রামে আগামী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ধরতি আবা জনভাগিদারি অভিযান’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সচেতনতা ও পরিষেবা প্রদানের মাধ্যমে জনজাতিদের অধিকার, উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করা।

আজ উনকোটি জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উনকোটি জেলার জেলাশাসক ড. তমাল মজুমদার এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, এই অভিযানে ১৭টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের ২০টি স্থানে আইইসি সচেতনতা কার্যক্রম ও প্রশাসনিক শিবির করা হবে।

এই শিবিরগুলিতে আধার কার্ড, এসটি সার্টিফিকেট, পিআরটিসি, আয়ুষ্মান কার্ড ইত্যাদি সুবিধাভোগীদের প্রদান করা হবে। তাছাড়া এই কর্মসূচির আওতায় বিভিন্ন এসটি হোস্টেলে ‘এক পেড় মা কে নাম’-এ বৃক্ষরোপণ করা হবে। বিশিষ্ট জনজাতি ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদানও করা হবে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, সিনিয়র ডেপুটি কালেক্টর কমলেশ ধর, জেলা কল্যাণ আধিকারিক সোমা দেব প্রমুখ।