অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: গত ২০২৪-২৫ অর্থ বছরে পিএম জনমন প্রকল্পে রাজ্যের ৭৭টি আদিম জনজাতির বসতি এলাকায় ৭৭টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। এই ৭৭টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২৩৬৭ জন শিশু এবং ৩৭৬ জন গর্ভবতী মহিলা ও স্তন্যদায়ী মা অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া এই অর্থবছরে এমজিএন রেগা ও কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের আর্থিক সহায়তায় ২৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস এই সংবাদ জানান। তিনি জানান, পিএম জনমন প্রকল্পে আদিম জনজাতির বসতি এলাকায় ৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণের জন্য ১২ লক্ষ টাকা করে মোট ১০ কোটি ৫৬ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ২০টি ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ভবনগুলি নির্মাণের কাজ চলছে। তিনি জানান, গত ২০২৪-২৫ অর্থবছরে ২৪৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নীত করা হয়েছে।









