বন্যায় ব্যবহারের জন্য বিলোনীয়া ও শান্তিরবাজারের এসডিএম’র হাতে বোট তুলে দিলেন সমবায় মন্ত্রী

অনলাইন ডেস্ক,০৯ জুলাই, ২০২৫: দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আজ সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিপর্যয় মোকাবিলায় ব্যাবহার করার জন্য ২টি বোট বিলোনীয়া এবং শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসকের হাতে তুলে দেন।

বোটগুলি এসডিআরএফ তহবিল থেকে কেনা হয়েছে। সমবায় মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার সবসময় প্রস্তুত রয়েছে। তিনি জানান, বন্যা প্রবণ এলাকায় ব্যবহারের জন্য আরও বোট রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এই অনুষ্ঠানের পর দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহম্মদ সাজ্জাদ পি সাংবাদিক সম্মেলনে আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় বন্যা ও ভূমি ধস মোকাবিলায় মহড়ার বিষয় তুলে ধরেন।

তিনি জানান, দক্ষিণ ত্রিপুরা জেলায় বন্যা ও ভূমি ধূস মোকাবিলায় ৮টি জায়গায় বিপর্যয় মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পুলিশ, টিএসআর, বিএসএফ, অগ্নি নির্বাপক দপ্তর সহ আপদামিত্র, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ও বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যগণ অংশ নেন। অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট শান্তি চাকমা প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।