বিলোনীয়ায় ২৫শে নভেম্বর নেশা মুক্ত ফুটবল প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর, ২০২৫ : দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর বিলোনীয়া বিকেআই সিনথেটিক ফুটবল মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক ‘নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্ট’ শুরু হবে। এই টুর্নামেন্টকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আজ বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা শাসক মোঃ সাজাদ পি এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অন্তর্গত ৮টি ব্লকের বিডিওগণ সহ বিভিন্ন দপ্তরের জেলাস্তরের অধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা শাসক জানান, নেশার কুপ্রভাব সম্পর্কে মানুষকে অবহিত করার লক্ষ্যে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। জেলার বিভিন্ন ব্লক ও নগর এলাকার ফুটবল মাঠগুলিতে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ গুলিতে স্থানীয় ১২টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে সুস্থ হয়ে উঠা যুবকদেরও একটি দল থাকবে। সভায় লটারির মাধ্যমে ১২টি দলকে দুটি জোনে ভাগ করা হয়।

তিনি আরও জানান, প্রতিটি ম্যাচে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির বিশেষ করে ম্যালেরিয়া, এচআইভি পরীক্ষা সহ টিবি সনাক্তকরণে এক্স-রে, সার্ভাইক্যাল ক্যান্সার সনাক্তকরণে পরীক্ষা ইত্যাদি করা হবে। এছাড়া স্ব সহায়ক দলের পাশাপাশি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রদর্শনী স্টলও থাকবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বিদ্যাপীঠ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই ফুটবল টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।

Recent Posts