অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর : প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বিষয়ে আগরতলা মাণিক্য এনক্লেভে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভার উদ্যোক্তা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। মতবিনিময় সভার প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (স্টেটিস্টিকস) পি সঙ্গীত কুমার প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সুযোগ গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজ্যের শ্রম দপ্তরের কমিশনার বিশ্বজিৎ পাল, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর বিভাস ভট্টাচার্য, টিএসইসিএল’র জেনারেল ম্যানেজার (ফিনান্স) গৌতম মুখ্যাজী। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার লিউ জোসেফ মারান্ডি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বিষয়ে দুটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন নিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এবছর ১ জুলাই প্রধনমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অনুমোদন করেছে। এই যোজনার লক্ষ্য হল কর্মসংস্থান সৃষ্টি করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, বিশেষ করে উৎপাদন ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। আগামী ২ বছরের মধ্যে ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে ব্যয় ধরা হয়েছে ৯৯৪৪৬ কোটি টাকা। এই যোজনার সুবিধাগুলি এবছর ১ আগস্ট থেকে শুরু হয়েছে এবং ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত সৃষ্টি হওয়া কর্মসংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।









