অনলাইন ডেস্ক, ০৩ আগস্ট, ২০২৬: সোনামুড়া মহকুমা হাসপাতালের অন্তর্গত মেলাঘরে এমসিএইচ ক্লিনিক এবং মোহনভোগ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আশাকর্মীরা আজ হোম বেসড নিউবর্ন কেয়ার কর্মসূচির আওতায় নবজাতক ও প্রসূতি মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যপরিষেবা প্রদান করেন। পরিদর্শনের সময় নবজাতকের ওজন, শারীরিক অবস্থা ও তাপমাত্রা পরীক্ষা করা হয়।
পাশাপাশি মাতৃদুগ্ধ পান করানোর অবস্থা মূল্যায়ন করে প্রসূতি মায়েদের জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া ছয় মাস পূর্ণ হওয়ার পর উপযুক্ত পরিপূরক খাদ্যের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান করিয়ে যাওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপদ বিকাশ নিশ্চিত করা, মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা এবং নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের মাধ্যমে তাঁদের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করা।








