দক্ষিণ জেলা হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিট চালু

অনলাইন ডেস্ক, ০৩ আগস্ট, ২০২৬: দক্ষিণ জেলার জনগনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা চালু হয়েছে। শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিট চালু করা হয়েছে। ইউনিটটি চালু হওয়ার পর ২ আগস্ট একজন রোগী সেখানে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি, স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা এবং দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে. এম. দাস দক্ষিণ জেলা হাসপাতাল পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে প্রতিনিধি দল হাসপাতালের ল্যাবরেটরি, বিভিন্ন ডায়াগনস্টিক পরিষেবা, পুরুষ ও মহিলা ওয়ার্ড, ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং নব চালু কার্ডিয়াক কেয়ার ইউনিট ঘুরে দেখেন।

হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং রোগীর পরিষেবা বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকরা প্রতিনিধি দলকে অবগত করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব সহ প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসক, নার্সিং অফিসার সহ সকল স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। দক্ষিণ জেলা হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট ও কার্ডিয়াক কেয়ার চালু হওয়ায় জেলার জনগণ এখন গুরুতর অসুস্থতায় এবং হৃদরোগের উন্নত চিকিৎসা দ্রুত এবং এই জেলাতেই গ্রহণ করতে পারবেন। এর ফলে রোগীদের সময়মতো চিকিৎসা নিশ্চিত হবে এবং বাইরে রেফারের প্রয়োজনও অনেকটাই কমে আসবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।