অনলাইন ডেস্ক, ০৭ অগাস্ট, ২০২৬: স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। এ উপলক্ষ্যে আজ সিপাহীজলা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল গৃহীত কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, আগামী ৯ আগস্ট থেকে জেলার প্রতিটি বাড়ি, সরকারি ও বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সাধারণ মানুষের সুবিধার্থে ব্লক কার্যালয়, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত কার্যালয় সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মূলত: তিনটি আকারের জাতীয় পতাকা যথাক্রমে ১০ টাকা, ৩০ টাকা ও ৫০ টাকায় পাওয়া যাবে। ৯ আগস্ট জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রামসভার আয়োজন করা হবে। এসব সভায় জাতীয় পতাকার মর্যাদা, স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশপ্রেম বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।
১১ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্রামগঞ্জে একটি বর্ণাঢ্য তিরঙ্গা র্যালির আয়োজন করা হবে। র্যালিতে বিভিন্ন স্তরের জনগণ, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। একই দিনে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলাভিত্তিক ‘তিরঙ্গা কনসার্ট’-এরও আয়োজন করা হবে। ১২ আগস্ট জেলার প্রতিটি উচ্চবিদ্যালয় ও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রঙ্গোলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩ থেকে ১৫ আগস্ট জেলার ১৬টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত কার্যালয়ে তিরঙ্গা প্রদর্শনীর আয়োজন করা হবে। ১৩ আগস্ট জেলার প্রতিটি বিদ্যালয়, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির কার্যালয়ে এবং ব্লক কার্যালয়ে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হবে। ৯ থেকে ১৭ আগস্ট জেলার সকল সরকারি প্রতিষ্ঠানে, হাসপাতালে, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান করা হবে। এছাড়া ১৭ আগস্ট ‘স্বচ্ছ ভারত র্যালি’-র আয়োজন করা হবে। এছাড়াও পুর পরিষদ কার্যালয়ে, নগর পঞ্চায়েত কার্যালয়ে, প্রশাসনিক কার্যালয়ে সেলফি পয়েন্ট থাকবে। ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদা, দেশাত্মবোধ এবং ঐতিহ্য বজায় রেখে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সিপাহীজলা জেলায় একটি জনঅংশগ্রহণমূলক কর্মসূচিতে রূপ দেওয়ার লক্ষ্যে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জেলার সকল নাগরিককে নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।








