অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬: আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপনের লক্ষ্যে গতকাল জিরানীয়া মহকুমা শাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। আলোচনার শুরুতে মহকুমা শাসক উপস্থিত সকলকে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচির বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জিরানীয়া মহকুমায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবে বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে।
এরপর বিভিন্ন প্ল্যাটুনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ অনুষ্ঠান। এছাড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৪ আগস্ট মহকুমার অন্তর্গত বিভিন্ন সরকারি দপ্তর, বিদ্যালয় ও বাজার এলাকায় বিশেষ সাফাই অভিযান সংগঠিত করা হবে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এছাড়াও রাণীরবাজার পি এইচ সি ও জিরানীয়া সি এইচ সি’র রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হবে।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১২ আগস্ট বিকেলে জিরানীয়া কলেজ চৌমুহনী থেকে ব্লক চৌমুহনী পর্যন্ত একটি বর্ণাঢ্য তিরঙ্গা র্যালির আয়োজন করা হবে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের আবেগকে সাধারণ মানুষের মধ্যে আরও গভীরভাবে ছড়িয়ে দেওয়াই হবে এই র্যালির মূল উদ্দেশ্য। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লা দাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, মহকুমা পুলিশ আধিকারিক সুধীর কুমার, অতিরিক্ত মহকুমা শাসক পামেলা সাহা, মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টরগণ, বিভিন্ন ব্লকের বিডিওগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিক, জিরানীয়া ও মান্দাইয়ের বিদ্যালয় পরিদর্শকগণ এবং মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ। সভায় মহকুমাশাসক অনিমেষ ধর স্বাধীনতা দিবস উদযাপনকে সুশৃঙ্খল, সুন্দর ও সর্বাঙ্গীণভাবে সফল করে তুলতে সংশ্লিষ্ট সকল দপ্তর, প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।









