জলবায়ু অর্থায়ন ও কার্বন সিকোয়েস্ট্রেশন উদ্যোগ বিষয়ক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং কার্বন সিকোয়েষ্ট্রেশনের সম্ভাবনা নিয়ে আজ গীতাঞ্জলি ট্যুরিস্ট গেস্ট হাউসেরাজ্যস্তরীয় প্রথম স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের সুশাসন দপ্তরের ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন-এর উদ্যোগে এবং বায়ো টেকনোলোজি অধিদপ্তর, আইজিডিসি প্রকল্প, জাইকা প্রকল্প এবং অর্পণ সোসাইটির সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্য সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ও এস ডি পরমানন্দ সরকার ব্যানার্জি। তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজ্যের সার্বিক উদ্যোগ, ত্রিপুরার প্রাকৃতিক সম্পদের সম্ভার ও কার্বন বিপণনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই আলোচনা সভায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সহ ২০ টি সংস্থার বিশেষজ্ঞরা জলবায়ু অর্থায়ন, কার্বন বিপণন, পরিবেশগত স্থায়িত্ব, অভিযোজন অর্থায়ন এবং কার্বন ট্রেডিং নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ত্রিপুরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সভায় পরিবেশ কর্মী ও সাংবাদিক ড. বিশ্বেন্দু ভট্টাচার্যরাজ্যের জলবায়ু প্রেক্ষাপট তুলে ধরে কার্বন বিপণন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহিত আন্তর্জাতিক আর্থিক সহায়তা তহবিলের সুযোগ গ্রহণেরউপর গুরুত্ব আরোপ করেন।

কার্বন বিপণন ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে সভায় মূল বক্তব্য রাখেন নাবার্ড-এর জলবায়ু অর্থায়ন প্রকল্পের উত্তর-পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত ড. জয়ন্ত বসু। অভিযোজন অর্থায়ন ও কার্বন ট্রেডিং বিষয়ে বক্তব্য রাখেন ‘ক্লাইমেট একশন নেটওয়ার্ক সাউথ এশিয়া’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. সঞ্জয় বশিষ্ট। সভায় আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের এশিয়া প্যাসিফিক লিড আধিকারিক অজেয় বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও নাবার্ড, ত্রিপুরার জিএম তনুশ্রী ভট্টাচার্য, আই জি ডিসি-র সিইও এস প্রভু, জাইকার সি ই ও ভানুমতি, বায়োটেকনোলজি’অধিদপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত প্রমুখ বিস্তারিত আলোচনা করেন। সভায় রাজ্যের বিভিন্ন দপ্তর ও সংস্থার মতামতগুলো নিয়ে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ, কার্বন সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরার সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করা হবে। যা আগামী দিনে নীতি আয়োগের মাধ্যমে বাস্তবায়ন হবে বলে সভায় জানানো হয়।

Recent Posts