উদয়পুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং গোমতী জিলা পরিষদের যৌথ উদ্যোগে এবং চন্দ্রপুর কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহযোগিতায় গত ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিদ্যালয়ের কনফারেন্স হলে গোমতী জেলাভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। অনুষ্ঠানে সভাধিপতি সহ অন্যান্য অতিথিগণ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে সভাধিপতি দেবল দেবরায় বলেন বিদ্যাসাগর ছিলেন দয়ারসাগর, করুনাসাগর এবং মাতৃভক্ত। তিনি বলেন, বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসার ও বিধবা বিবাহ প্রচলন করে নারীদের জীবন ধারণের মর্যাদা ফিরিয়ে আনেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ অশোক দেব, মাতাবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সাহা। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক দয়াল মজুমদার। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীগণ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Recent Posts