পাখির চোখ লস অ্যাঞ্জেলেস ২০২৮, প্যারা-অ্যাথলিটদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ৬ নভেম্বর : “আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি দিব্যাঙ্গ নাগরিক যেন সম্মান, মর্যাদা এবং সমান সুযোগ পান, যাতে তাঁরা নিজেদের সামর্থ্যের জোরে এগিয়ে যেতে পারেন।” এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পদকজয়ী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রীড়াবিদদের উৎসাহিত করে তিনি স্পষ্ট বলেন, জাপানের আইচি-নাগোয়ায় পোডিয়াম ফিনিশই এই যাত্রার শেষ গন্তব্য নয়; বরং এই সাফল্যকে ভবিষ্যতের আরও বড় লক্ষ্যের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে।

প্যারা-ক্রীড়াবিদদের পরবর্তী লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেন, “আমাদের পরবর্তী লক্ষ্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও প্যারালিম্পিক ২০২৮। আমাদের উদ্দেশ্য থাকবে যাতে সর্বাধিক সংখ্যক ভারতীয় প্রতিযোগী ২০২৮ সালের এই প্রতিযোগিতায় অংশ নেন এবং রেকর্ড পরিমাণ পদক জিতে দেশে ফেরেন। গোটা দেশ আপনাদের পাশে রয়েছে, আমিও রয়েছি। সমগ্র দেশবাসী আপনাদের পরবর্তী বিজয়ের অপেক্ষায় রয়েছে।”

ক্রীড়া ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, খেলাধুলোকে কেবল জাতীয় বা আন্তর্জাতিক ইভেন্ট হিসেবে দেখলে চলবে না; এটি চরিত্র গঠন এবং দেশ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। খেলাধুলো যুবসমাজকে শেখায় কীভাবে পরাজয়কে বিজয়ে রূপান্তর করতে হয়, পাশাপাশি শৃঙ্খলা ও দলগত সংহতির গুরুত্ব বোঝায়। তিনি জানান, এই লক্ষ্যকে সামনে রেখেই দেশে এক আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে। তৃণমূল স্তর এবং বিদ্যালয় পর্যায় থেকেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে বিপুল সংখ্যক ‘খেলো ইন্ডিয়া’ সেন্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি অলিম্পিকের প্রস্তুতি জোরদার করতে লালকেল্লা থেকেও যুবসমাজকে ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে অংশ নেওয়ার ডাক দেওয়া হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।