অন্ধ্রপ্রদেশের প্রকাশম উপকূলে ভেসে এল ৩ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ আরও ৬

প্রকাশম, ৬ নভেম্বর (হি.স.): ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উত্তাল সমুদ্রে নৌকাডুবির জেরে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কোঠাপাটনম উপকূলে ভেসে এল তামিলনাড়ুর তিন মৎস্যজীবীর নিথর দেহ। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন নৌকায় থাকা আরও ছয়জন মৎস্যজীবী। প্রকাশম জেলার জেলাশাসক (ডিএম) রাজা বাবু জানিয়েছেন, গত ২৯ অক্টোবর তামিলনাড়ু থেকে তিনটি দলে ভাগ হয়ে মৎস্যজীবীরা তিনটি নৌকায় করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সমুদ্রে প্রবল ঘূর্ণিঝড় ও প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হলে দুটি নৌকা নিরাপদে রামায়াপাটনমে আশ্রয় নেয়। তবে তৃতীয় নৌকাটি নিজামপাটনমের দিকে এগিয়ে যায়। পরবর্তীতে নিজামপাটনমে পৌঁছানো ওই নৌকাটি প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছাড়াই রামায়াপাটনমে থাকা বাকি সঙ্গীদের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল থাকায় এবং প্রবল ঝোড়ো বাতাসের মুখে পড়ে নৌকাটি নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে কৃষ্ণাঙ্গপটনমের দিকে ভেসে যায়। উপকূল থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে জানা গিয়েছে। নৌকায় মোট নয়জন মৎস্যজীবী ছিলেন। বৃহস্পতিবার তাঁদের মধ্যে তিনজনের দেহ কোঠাপাটনম উপকূলে ভেসে আসে। বাকি ছয়জন মৎস্যজীবীর এখনও কোনও সন্ধান মেলেনি। তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযান জারি রয়েছে। জেলাশাসক আরও জানান, নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধারকাজে সমন্বয় বজায় রাখতে তামিলনাড়ু প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।