খুঁটি, ৬ নভেম্বর : ঝাড়খণ্ডের খুঁটি জেলার কাররা থানা এলাকার কাররা-তোরপা প্রধান সড়কে জোনে-লুদরু মোড়ের কাছে বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে রেলগেটের কাছে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
দুর্ঘটনায় মৃতদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই অবরোধ করেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া ওই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন করমি লোহরাইন (৫৫), যশবন্তী দেবী (৪০), অগ্নি সাংগা (৩৫), সুভানি কুমারী (১১), সোনি কুমারী (৯), অঞ্জলি কুমারী (১৮) এবং কৌশল্যা দেবী (৪০)।রাস্তা অবরোধের খবর পেয়ে কাররা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু কুমার-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেন। তবে প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে নিজেদের দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা।









