রানিরবাজারের ১৩টি ওয়ার্ডে প্রার্থী দিল বিজেপি, জয় নিয়ে আত্মবিশ্বাসী মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ নভেম্বর : আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে রানিরবাজারে সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির জানান দিল শাসক দল বিজেপি।

শুক্রবার বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে রানিরবাজার পুর পরিষদের ১৩টি ওয়ার্ডের জন্য বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থক-কর্মীদের বিপুল উৎসাহে এ দিন রানিরবাজার এলাকায় একটি পুরোদস্তুর নির্বাচনী পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার সকাল থেকেই বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে দারুন উৎসাহ লক্ষ করা গেছে। দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা মিছিলে যোগ দেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এগিয়ে চলে। এই মিছিলের জেরে পুরো এলাকায় একটি উৎসবের মেজাজ তৈরি হয়েছিল। সাধারণ মানুষের এই ব্যাপক উপস্থিতি দেখে নির্বাচনে জয়ের ব্যাপারে জোর আশা প্রকাশ করেছে বিজেপি শিবির।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মিছিলের জনসমাগম এবং দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ দেখে তিনি আসন্ন পুর নির্বাচনে বিজেপি-র জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস প্রকাশ করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই আস্থার প্রতিফলন আসন্ন পুর নির্বাচনের ভোটবাক্সেও দেখা যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
একই সময়ে বিরোধী দল কংগ্রেস ও সিপিআইএমকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন যে বিরোধীদের কাছে কোনো নির্দিষ্ট নীতি, আদর্শ বা জনকল্যাণমূলক পরিকল্পনা নেই। একমাত্র উদ্দেশ্য হলো বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং ক্ষমতা কুক্ষিগত করা। তবে বিরোধীদের এই ধরণের রাজনৈতিক ফন্দি রাজ্যের জনসাধারণ কখনই মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, উন্নয়ন এবং জনকল্যাণের মাপকাঠিতে বিজেপির কোনো যোগ্য বিকল্প হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিরোধী দলগুলো।
শুধু রানিরবাজার পুর পরিষদ নয়, আগরতলা পুর নিগম সহ রাজ্যের সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডে বিজেপি তথা এনডিএ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সুশান্ত চৌধুরী। তাঁর কথায়, আসন্ন পুর নির্বাচন আগামী বিধানসভা নির্বাচনের আগে কার্যত একটি সেমিফাইনাল। এই নির্বাচনে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আগামী বিধানসভা নির্বাচনেও রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।
তবে মিছিলের জনসমাগম কিংবা নেতাদের জয়ের দাবি শেষ পর্যন্ত কতটা ভোটে প্রতিফলিত হয়, তার চূড়ান্ত পরীক্ষা হবে নির্বাচনের দিন। রানিরবাজার পুর পরিষদের ১৩টি ওয়ার্ডে বিজেপির এই শক্তি প্রদর্শন ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।