আগরতলা, ৭ নভেম্বর : পুর ও নগর নিগম নির্বাচনের প্রচার ঘিরে ফের উত্তেজনার পারদ চড়ল রাজধানী আগরতলায়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সময় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। অভিযোগ, প্রচারকাজ বন্ধ করার ধমকি দেওয়ার পর ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল লাঠি ও রড নিয়ে আচমকাই তাঁদের ওপর চড়াও হয়। এই হামলায় বিমল শুক্লদাস নামে এক বাম নেতা গুরুতর আহত হয়েছেন, রডের ঘায়ে তাঁর মাথা ফেটে যায়। কেবল তা-ই নয়, আক্রমণ থেকে আত্মরক্ষা করতে কর্মী-সমর্থকরা যে সব বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেখানেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। শুক্রবার আগরতলা পুর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের ডুকলি এলাকার ঋষিপাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও ভীতির পরিবেশ তৈরি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ৪৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থীর সমর্থনে দলীয় কর্মী-সমর্থকরা ঋষিপাড়া সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন তাঁদের প্রচার বন্ধ করার জন্য হুমকি দেয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আঁচ করে বাম কর্মীরা প্রচার কর্মসূচি বন্ধ করে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু অভিযোগ, তাতেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই প্রায় ২৫ – ৩০ জনের একটি দল লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের উপর হামলা চালায়।
আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন বাম কর্মী-সমর্থকরা। প্রাণ বাঁচাতে অনেকে আশপাশের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, হামলাকারীরা সেখানেই থেমে থাকেনি। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তারা। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
এদিকে হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ঋষিপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ কমল ঋষিদাসের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সিপিআইএম কর্মী বিমল শুক্লদাস। অভিযোগ, হামলাকারীরা ওই বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর বিমল শুক্লদাসকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। লোহার রড দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।









