আগরতলা, ৭ নভেম্বর : আগরতলা পুর নিগম নির্বাচনে ভোটারদের কাছে পৌঁছাতে শহরের উন্নয়নের কাজগুলোকেই মূল হাতিয়ার করার কথা জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বিরোধীদের রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বা পাল্টা যুক্তিতে না গিয়ে, নিজেদের আমলের উন্নয়নকেই নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখছে শাসক দল বিজেপি। শুক্রবার আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমার বর্ণাঢ্য মিছিলে সামিল হয়ে মুখ্যমন্ত্রী এই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এদিন রীতিমতো শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি সারল বিজেপি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় বিজেপি মনোনীত প্রার্থীদের বিশাল মিছিল। দলীয় প্রার্থীদের পাশাপাশি কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিল ঘিরে তৈরি হয় নির্বাচনী আবহ। মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রতন চক্রবর্তী, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
মিছিল শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের ৫১ জন দলীয় প্রার্থীকে পুনরায় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, উন্নয়নকে সামনে রেখেই তারা ভোটারদের কাছে পৌঁছবেন। বিগত দিনে আগরতলা পুর নিগম এলাকায় যে সব উন্নয়নমূলক কাজ হয়েছে, শহরের বাসিন্দারা তা নিজের চোখেই দেখছেন বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর কথায়, বিরোধীদের নিয়ে তাঁর আলাদা করে কিছু বলার নেই, তারা তাদের ইচ্ছেমতো চলতে পারে। কিন্তু বিজেপি কেবল উন্নয়নের বার্তাকে সম্বল করেই প্রতিটি মানুষের কাছে যাবে।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, আসন্ন পুর নির্বাচনে বিজেপি শহরের উন্নয়নমূলক কাজকর্মকেই প্রধান নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে। বিরোধীদের সমালোচনার জবাব না দিয়ে উন্নয়নের প্রশ্নে ভোটারদের আস্থা অর্জনের কৌশল নিয়েছে শাসক দল। এদিনের মিছিলেও সেই রাজনৈতিক বার্তাই তুলে ধরার চেষ্টা করা হয়।









