মেদিনীপুর, ৭ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মেদিনীপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর শহরের বার আস্তানা এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এই ঘটনায় শেখ রাজেশ ও শেখ সারুবুদ্দিন নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা ও রুপোর গয়নাও উদ্ধার হয়েছে।
শুক্রবার জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক বৈঠকে জানান, বুধবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বার আস্তানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশিতে ৩৭৫ গ্রাম হেরোইন-সহ নগদ অর্থ এবং বেশ কয়েক ভরি সোনা ও রুপোর গয়না উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার ধৃত দু’জনকে মেদিনীপুর আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা চলছে। এই কারবারের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া নগদ টাকা ও গয়নার উৎসও তদন্তের আওতায় রয়েছে।
মাদক পাচারের পিছনে কোনও বড় চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।









