নতুন দিল্লি স্টেশনে ভিড় সামলাতে প্রস্তুত রেল, তৈরি স্থায়ী হোল্ডিং এরিয়া

নয়াদিল্লি, ৭ নভেম্বর : দীপাবলি ও আসন্ন ছটপুজোর মরশুমে জাতীয় রাজধানী থেকে বাড়ি ফেরা যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে একগুচ্ছ আধুনিক ও সুসংহত পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে। প্ল্যাটফর্মে নির্বিঘ্ন যাত্রী চলাচল নিশ্চিত করতে স্টেশনে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্থায়ী ‘হোল্ডিং এরিয়া’ (যাত্রী বিশ্রাম চত্বর)। পাশাপাশি দ্রুত তল্লাশি ও মসৃণ প্রবেশের সুবিধার্থে বসানো হয়েছে ছ’টিরও বেশি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাগেজ-স্ক্রিনিং মেশিন।
রেলওয়ে সূত্রের খবর, উৎসবের দিনগুলিতে সাধারণ সময়ের তুলনায় দৈনিক যাত্রীসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায়। সেই ভিড়ের চাপ সামলাতে অজমেরি গেট চত্বরে এই নতুন স্থায়ী হোল্ডিং জোন কার্যকর করা হয়েছে। ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের আগে প্ল্যাটফর্মে ভিড় না জমিয়ে যাত্রীদের সেখানে বসার ও স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে প্ল্যাটফর্মে প্রবেশপথে যাতে দীর্ঘ লাইনের জন্য জট না তৈরি হয়, তার জন্য ব্যাগেজ চেকিং কাউন্টারগুলি পুনর্বিন্যাস করে অতিরিক্ত এক্স-রে স্ক্যানার চালু করা হয়েছে।
রেলের এই আগাম পরিকাঠামোগত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। স্টেশনে আসা দূরপাল্লার যাত্রীদের বক্তব্য, বিগত বছরগুলির তুলনায় এ বছর ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা অনেক বেশি গোছানো ও কার্যকর। বিশেষ করে আলাদা হোল্ডিং এরিয়া এবং দ্রুত স্ক্যানিং সুবিধার কারণে প্ল্যাটফর্মে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা অনেকটাই কমেছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং নজরদারি চালাতে স্টেশনে অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন রাখা হয়েছে।