জাজপুরে ট্রাকে ধাক্কা পুরীগামী যাত্রিবাহী বাসের, আহত বেশ কয়েকজন

কলকাতা ও ভুবনেশ্বর, ১৩ নভেম্বর : সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গ থেকে পুরীগামী একটি যাত্রিবাহী বাস। শুক্রবার সকালে ওড়িশার জাজপুর জেলার বড়চানা থানা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। এই দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে তীর্থযাত্রী ও পর্যটকদের নিয়ে বাসটি পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল। শুক্রবার সকালে জাজপুরের বড়চানা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। বাসের ৫৫ জন যাত্রীর মধ্যে ঠিক কতজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের কোন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, নাকি অতিরিক্ত গতির কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন— তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, রাস্তায় কোনও সংকেত ছাড়াই ট্রাকটি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Recent Posts