চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র নদিয়ার নার্সিংহোম

কৃষ্ণনগর (নদিয়া), ১৪ নভেম্বর : জন্মের পর মা ও সদ্যোজাত উভয়েই সুস্থ থাকলেও, আচমকা শিশুটির শারীরিক অবস্থার অবনতি এবং পরবর্তীতে মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল নদিয়ার নবদ্বীপের একটি বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসায় গাফিলতি ও উপযুক্ত পরিকাঠামোর অভাবেই সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পারুলিয়া সাহাপাড়ার বাসিন্দা রুদ্রপ্রসাদ সাহার স্ত্রী ঈশিকা ধরকে গত সোমবার বিকেল ৫টা নাগাদ নবদ্বীপের ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেদিনই রাত সওয়া ১০টা নাগাদ তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, জন্মের পর গভীর রাত পর্যন্ত মা ও সন্তান দু’জনেই সম্পূর্ণ সুস্থ ছিল। এমনকি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থায় কোনও অস্বাভাবিকতা ছিল না বলে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছিল।

অভিযোগ, এর কিছুক্ষণ পরেই নার্সিংহোম থেকে ফোন করে পরিবারকে জানানো হয় যে, খাওয়ানোর সময় শিশুটির শ্বাসনালীতে খাবার আটকে গিয়েছে এবং তারপর থেকেই তার অবস্থার অবনতি হতে শুরু করে। শিশুটির বাবা রুদ্রপ্রসাদ সাহার অভিযোগ, সেই জরুরি মুহূর্তে নার্সিংহোমে কোনও উপযুক্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না; বরং কর্তব্যরত আয়ারাই পাম্পের সাহায্যে শিশুটির চিকিৎসা করার চেষ্টা করছিলেন।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে সদ্যোজাতকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে এবং পরে অক্সিজেন সাপোর্টে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা জানান যে শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এবং তার মুখ থেকেও রক্ত বেরোতে শুরু করে। অবস্থার আরও অবনতি হলে শেষ পর্যন্ত শিশুটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ মৃত্যু হয় সদ্যোজাতটির।

এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিজনেরা। তাঁরা নবদ্বীপের ওই নার্সিংহোমে গিয়ে তীব্র বিক্ষোভ দেখান। পরিবারের অভিযোগ, ওই নার্সিংহোমে চিকিৎসার ন্যূনতম পরিকাঠামো ও নিয়মশৃঙ্খলার অভাব রয়েছে। মৃত শিশুর দিদা রাখি ধর আক্ষেপের সুরে জানান, এটি তাঁর মেয়ের প্রথম সন্তান ছিল এবং এমন পরিণতি তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

ইতিমধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। তবে এই অভিযোগের বিষয়ে নার্সিংহোমের ম্যানেজার কোনও মন্তব্য করতে চাননি।

Recent Posts