কলকাতা, ১৪ নভেম্বর :ভারতের মাটিতেই ফুটবলের জন্য প্রথম উৎকর্ষ কেন্দ্র (সেন্টার অফ এক্সেলেন্স) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘আমুজি স্পোর্টস’ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা ‘এএফএ ইন্টারন্যাশনাল’-এর যৌথ অংশীদারিত্বে ভারতে এই আর্জেন্টিনা ফুটবল কেন্দ্রের সূচনা হতে চলেছে।
এশিয়া উপমহাদেশের মাটিতে এটিই হতে চলেছে তাঁদের প্রথম পদক্ষেপ, যা মূলত একটি আধুনিক ফুটবল অ্যাকাডেমির আদলে ভারতে চালু করা হবে। শুক্রবার কলকাতায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। তিনি বলেন, এই উদ্যোগ রাজ্যের ক্রীড়া পরিকাঠামো এবং বিশেষত ফুটবলের মানোন্নয়নে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। এই প্রকল্পের সফল রূপায়ণে রাজ্য সরকারের তরফে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত লকেট চট্টোপাধ্যায় বলেন, “নতুন সরকারের আমলে এই রাজ্যের ফুটবলের উন্নয়নে এক নতুন পদক্ষেপ ও যাত্রার সূচনা হলো।”সংস্থার এদেশীয় ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব ঘোষ আর্জেন্টিনা ফুটবলের ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, “মারাদোনা থেকে শুরু করে মেসি—গত ৪০ বছর ধরে বিশ্বকে সেরা ফুটবল উপহার দিয়ে চলেছে আর্জেন্টিনা। উল্লেখ্য, তারা ৭ বার ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে এবং ৩ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।” দেশের তৃণমূল স্তরের ফুটবলের ওপর জোর দিয়ে তিনি আরও জানান, গ্রামাঞ্চলে বহু সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে। সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে তুলে আনা অত্যন্ত জরুরি এবং সময়ের দাবি। সেই সঙ্গে স্কুল ফুটবলের প্রতিও সমানভাবে নজর দেওয়া হবে। পাশাপাশি, প্রকল্পের অর্থের জোগান ও পরিকাঠামোগত বিষয়গুলি নিয়েও তিনি আলোকপাত করেন।
এদিনের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অতীতে প্রীতি ম্যাচে অংশ নিতে আর্জেন্টিনা দলের ভারত তথা কলকাতা সফরের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আগামী ২০৩১ সালে মহিলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে ভারত আরও সামনের দিকে এগিয়ে যাবে। জয় হিন্দ।”অন্যদিকে, ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’-র তরফে সঞ্জয় বর্মা জানান, রাজ্যের ফুটবলের সার্বিক উন্নয়নে আইএফএ , বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি এবং আমুজি স্পোর্টস একযোগে কাজ করবে।









