আগরতলা, ১৬ নভেম্বর : বাঙালী জাতির অস্তিত্ব, অধিকার ও স্বতন্ত্র পরিচয় রক্ষার দাবিতে বাঙালীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পৃথক ‘বাঙালীস্থান’ গঠনের দাবি তুলল আমরা বাঙালী দল। এই দাবিকে সামনে রেখে রবিবার রাজধানী আগরতলায় দলের রাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজ্য সম্মেলন, মিছিল ও সমাবেশ। মিছিলে অংশগ্রহণ করেন দলের কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরা।
এদিন সকালে আমরা বাঙালী দলের রাজ্য শাখার কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সর্বভারতীয় কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা, রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের মাধ্যমে বাঙালী জাতির ঐক্য, অধিকার ও পৃথক ভৌগোলিক পরিচয়ের দাবিকে সামনে তুলে ধরেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
মিছিল, রাজ্য সম্মেলন ও সমাবেশের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে দলের কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা বলেন, বাঙালী জাতিকে রক্ষা করতে অন্য কোনও জাতি এগিয়ে আসবে না। নিজেদের জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষার দায়িত্ব বাঙালীদের নিজেদেরই গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যেই বাঙালীদের মধ্যে ঐক্য ও সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তাঁদের অধিকার সম্পর্কে অবহিত করতে চাইছে আমরা বাঙালী দল।
তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে বাঙালী জাতিকে বিভক্ত ও বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। ত্রিপুরাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বাঙালীদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিগত পরিচয় ও অধিকার সুরক্ষিত রাখার জন্য সংগঠিত আন্দোলনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জ্যোতি বিকাশ সিনহা আরও বলেন, আমরা বাঙালী দলের অন্যতম প্রধান দাবি হলো, সংবিধানের ৩ নম্বর ধারার আওতায় বাঙালী অধ্যুষিত এলাকাগুলিকে একত্রিত করে ‘বাঙালীস্থান’ নামে একটি পৃথক ভৌগোলিক অঞ্চল তথা রাজ্য গঠন করা। তাঁদের দাবি, এমন একটি পৃথক ভৌগোলিক কাঠামো গড়ে তোলা হলে বাঙালীরা নিজেদের ভাষা, সংস্কৃতি, পরিচয় ও অধিকার নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। এই দাবিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাঙালীদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই দলের আন্দোলনের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
পরে মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা, রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বাঙালী জাতির ঐক্য, অধিকার রক্ষা এবং পৃথক বাঙালীস্থান গঠনের দাবিতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এদিনের কর্মসূচি থেকে আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে আমরা বাঙালী দলের প্রার্থীদের সমর্থনে প্রচারও চালানো হয়। দলের মনোনীত প্রার্থীদের উদিত সূর্য প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান নেতৃত্ব। জাতিগত অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিকে সামনে রেখেই নির্বাচনী ময়দানে দলীয় প্রার্থীদের সমর্থনে জনমত গড়ে তোলার বার্তা দেন তাঁরা।
রাজ্য সম্মেলন, মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে পৃথক বাঙালীস্থান গঠনের দাবিকে নতুন করে রাজনৈতিক আলোচনায় তুলে ধরার পাশাপাশি আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি প্রদর্শনের চেষ্টা করল আমরা বাঙালী দল।









