ব্রাহ্মণ সমাজকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে সরব মন্ত্রী সুধাংশু

ফটিকরায় (ত্রিপুরা), ১৬ নভেম্বর : ব্রাহ্মণ সমাজকে নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কথিত বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াল ফটিকরায়ে। রবিবার ফটিকরায় মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভা থেকে সিপিআই(এম) ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। জনসভায় হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে সরব হন মন্ত্রী। তাঁর অভিযোগ, একটি জনসভায় ব্রাহ্মণ সমাজকে উদ্দেশ্য করে গোমাতা ভক্ষণ সংক্রান্ত মন্তব্য করে ওই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন বিরোধী দলনেতা। একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।একই সঙ্গে কংগ্রেস ও সিপিআই(এম)-এর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন সুধাংশু। তাঁর বক্তব্য, কখনও দুই দল একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে, আবার কখনও ভোট চুরির অভিযোগ তুলে সরব হচ্ছে। ভোট চুরির অভিযোগের স্বপক্ষে প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনার চ্যালেঞ্জও জানান তিনি। বিজেপি ভোট চুরি করে নির্বাচনে জয়লাভ করেনি বলেও দাবি করেন মন্ত্রী।
ফটিকরায়ের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিরোধীদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক সংঘর্ষ, খুন, মারামারি, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ তোলেন সুধাংশু দাস। পাশাপাশি বর্তমান সরকারের আমলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, বিগত নয় বছরে বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। ফটিকরায়ের উন্নয়নের ধারাকে আগামী দিনেও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।
এ দিনের সভার অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল দলবদল। মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে কংগ্রেস ও সিপিআই(এম) ছেড়ে মোট আটটি পরিবারের ৩৫ জন ভোটার বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী।সব মিলিয়ে, জিতেন্দ্র চৌধুরীর কথিত মন্তব্যের প্রতিবাদ, বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ এবং ৩৫ জনের বিজেপিতে যোগদান—এই তিন বিষয়কে কেন্দ্র করে ফটিকরায়ের জনসভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।