কানপুরের আবাসনে আগুন, মৃত মহিলা ও নাবালক

কানপুর, ১৬ নভেম্বর : উত্তর প্রদেশের কানপুরে ফিল্ডখানা থানা এলাকার পটনাপুরের ‘রাধিকা অ্যাপার্টমেন্ট’ আবাসনে সোমবার ভোরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৪৫ বছর বয়সি এক মহিলা ও ১৬ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। জখমদের কানপুরের উরসুলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকলের অনুমান।

সিএফও দীপক শর্মা বলেন, “আমাদের মিনি ফায়ার কন্ট্রোল রুমে রাধিকা অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের খবর আসে, যেখানে কিছু মানুষ আটকে পড়েছিলেন বলে জানানো হয়। এই খবর পেয়ে লাটুশ রোড ও কানগঞ্জ ফায়ার স্টেশন থেকে দ্রুত দমকল বাহিনী পাঠানো হয় এবং আমিও ঘটনাস্থলে পৌঁছই। সেখানে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায়—যা মূলত দুই চাকার যানবাহন রাখার পার্কিং এলাকা হিসেবে ব্যবহৃত হতো—সেখানে আগুন লেগেছে। আগুনের তাপ ও ধোঁয়া সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে।

আমাদের দল তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে। সব মিলিয়ে তারা আটজনকে নিরাপদে বের করে আনে। এদের মধ্যে চারজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দু’জন—একজন মহিলা ও ১৫ বছর বয়সী এক নাবালক—মারা যান; বাকি দুজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।”