হুগলি, ১৮ নভেম্বর : “মাতাল হোক বা মাতব্বর, যেই হোক না কেন, মনীষীদের অবমাননাকারীদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।” মঙ্গলবার আরামবাগের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে এমনই কড়া বার্তা দিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মধুসূদন বাগ।
মঙ্গলবার তিনি আরামবাগ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে স্কুলের পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের ক্লাস নেন এবং তাদের সঙ্গে পড়াশোনা, স্কুলের পরিকাঠামো, মিড ডে মিল-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই এই বিদ্যালয়ের দেওয়ালে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে দুষ্কৃতীরা কালি মাখিয়ে দেয়। এই ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় ওঠে। পরে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও সহযোগিতায় মনীষীদের ছবি দুটি পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন বিদ্যালয় পরিদর্শনে এসে মধুসূদন বাগ স্পষ্ট ভাষায় জানান, মনীষীদের যারা অবমাননা করেছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কেউ জেনে করুক বা না জেনে করুক, অপরাধীকে খুঁজে বের করা পুলিশের দায়িত্ব। তিনি বলেন, মাতাল হোক বা মাতব্বর, যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া চলবে না।
অন্যদিকে, বিদ্যালয়ের পঠন-পাঠন, ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ এবং সামগ্রিক পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।









