বর্ধমানের নার্সিংহোমের পরিকাঠামো পরিদর্শন স্বাস্থ্য কমিশনের প্রতিনিধিদলের

পূর্ব বর্ধমান, ১৮ নভেম্বর : বেসরকারি নার্সিংহোমগুলির পরিকাঠামো এবং পরিষেবার মান খতিয়ে দেখতে মঙ্গলবার বর্ধমান শহরে অভিযানে নামল রাজ্য স্বাস্থ্য কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। অভিযানের শুরুতেই শহরের নার্সিংহোমে বেশ কিছু অনিয়ম ও পরিকাঠামোগত ত্রুটি কমিশনের নজরে এসেছে বলে সূত্রের খবর।
এদিন মূলত শহরের নবাবহাট এবং বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকাগুলিতে অভিযান চালানো হয়। কাজের সুবিধার্থে কমিশনের প্রতিনিধিদলটি দু’টি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন নার্সিংহোমে পরিদর্শন শুরু করে। পরিদর্শন শুরুর আগে বর্ধমান সার্কিট হাউসে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন কমিশনের সদস্যরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, রোগী পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি নিয়মবিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতেই এই পরিদর্শন। অভিযান চলাকালীন প্রাথমিক পর্যায়েই বেশ কয়েকটি নার্সিংহোমে নিয়মভঙ্গের বিষয়টি সামনে এসেছে। গোটা পরিদর্শন প্রক্রিয়া শেষে কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে জেলার স্বাস্থ্য মহল।
Recent Posts