গ্যাংটক, ১৮ নভেম্বর : সিকিমের গ্যাংটকে ছবির আউটডোর শুটিং চলাকালীন এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার এক লাইট টেকনিশিয়ান। নিহত শ্রমিকের নাম পিন্টু মণ্ডল। এই দুর্ঘটনায় গাড়ির চালক বাবর আলী মোল্লা (৩৬) গুরুতর জখম হয়েছেন। সোমবার রাতে শুটিংয়ের লোকেশন পরিবর্তনের সময় পাহাড়ি রাস্তায় গাড়ি উল্টে এই দুর্ঘটনা ঘটে। এরপর ১৭ নভেম্বর সকালে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত পিন্টু মণ্ডল কলকাতার ‘লাইট অ্যান্ড লাইট’ সংস্থার অধীনে লাইট বিভাগের কর্মী হিসেবে কাজ করতেন। মুম্বইয়ের একটি প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হিন্দি ছবি ‘মিশন মির্চি’-র শুটিংয়ের জন্যই গত ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও তার সংলগ্ন এলাকায় থাকার কথা ছিল গোটা শুটিং ইউনিটের। কিন্তু শুটিংয়ের দ্বিতীয় দিনেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
এই অনভিপ্রেত ঘটনার পর স্বাভাবিকভাবেই শুটিং সেটের নিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রোডাকশন ম্যানেজার্স গিল্ডের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করা হয়েছে, পিন্টুর মৃত্যুর খবর পাওয়ার পরেও মুম্বইয়ের প্রযোজনা সংস্থা শুটিং বন্ধ রাখেনি। এমনকি, সংস্থার পক্ষ থেকে নিহত কর্মীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনাটুকুও জানানো হয়নি বলে অভিযোগ।
প্রোডাকশন ম্যানেজার্স গিল্ডের সহ-সম্পাদক নিরুপম দে এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “শুটিংয়ের কাজে গিয়ে একজন কর্মীর মর্মান্তিক মৃত্যু হলো, তাঁর পরিবারের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে কি না কিংবা ক্ষতিপূরণ বাবদ কত টাকা দেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। আমরা চাই, পিন্টু মণ্ডলের পরিবার যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায়।” তিনি আরও জানান, ছবির প্রযোজক সঞ্জীব মিশ্রের সঙ্গে যোগাযোগের বহুবার চেষ্টা করা হলেও তাঁর তরফ থেকে কোনো সাড়া মেলেনি।
সহকর্মী তথা কলাকুশলীর আকস্মিক এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা ও নেতা রুদ্রনীল ঘোষ। একটি শোকবার্তায় তিনি বলেন, “শ্রমিক ও কলাকুশলীদের নিরাপত্তা ছাড়া কোনো শুটিং চলতে পারে না। সুদূর গ্যাংটকে কাজ করতে গিয়ে যেভাবে একজন লাইটম্যান প্রাণ হারালেন, তা অত্যন্ত বেদনাদায়ক। মুম্বইয়ের প্রযোজনা সংস্থার এই অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন মনোভাব অত্যন্ত নিন্দনীয়। আমি পিন্টুর পরিবারের এই বিপদের দিনে তাদের পাশে আছি এবং মৃত কর্মীর পরিবার যাতে যথাযথ ক্ষতিপূরণ ও ন্যায়বিচার পায়, সেই দাবি জানাচ্ছি।”









