নয়াদিল্লি, ১৮ নভেম্বর : ম্যানিলায় খালসা দিওয়ান গুরুদ্বারের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। মঙ্গলবার তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর বিদেশ সফরের সময় শিখ সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং তাদের ধর্মীয় স্থান পরিদর্শনকে সর্বদা অগ্রাধিকার দিয়েছেন। পুরীর মতে, ১৯৪৭ সালের পর অন্য কোনও প্রধানমন্ত্রী শিখ সম্প্রদায়ের প্রতি এতটা সম্মান ও আন্তরিকতা দেখাননি।
প্রধানমন্ত্রী মোদীর কানাডা সফরের কথা উল্লেখ করে পুরী জানান, ২০১৫ সালের এপ্রিল মাসে কানাডা সফরের সময় প্রধানমন্ত্রী মোদী কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের সঙ্গে ভ্যাঙ্কুভারে খালসা দিওয়ান গুরুদ্বারে গিয়েছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর পর তিনি তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি সেখানে গিয়েছিলেন। এই সফরেই তিনি কোমাগাতা মারু জাদুঘরও পরিদর্শন করেছিলেন। তিনি আরও বলেন, ২০১৬ সালের ২২ মে ইরান সফরের সময় প্রধানমন্ত্রী মোদী তেহরানে অবস্থিত ভাই গঙ্গা সিং সভা গুরুদ্বারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেই সময়েই তিনি ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে গুরু গোবিন্দ সিং জির ৩৫০তম প্রকাশ পর্ব উদযাপনের ঘোষণা করেছিলেন। হরদীপ সিং পুরী প্রধানমন্ত্রীর ইতালি ও আমেরিকা সফরের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ২০২১ সালের ২৯ অক্টোবর ইতালি সফরের সময় প্রধানমন্ত্রী রোমে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী শিখ সৈন্যদের বীরত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন।
নিজের পরিবারের সঙ্গে যুক্ত একটি ঘটনার কথা উল্লেখ করে হরদীপ সিং পুরী জানান, গত প্রায় ৩০০ বছর ধরে তাঁর পরিবার গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌর জির পবিত্র ‘জোড়া সাহিব’ (পবিত্র পাদুকা)-এর রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তিনি যখন এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেন এবং এই পবিত্র নিদর্শনগুলো গুরুদ্বার সাহিবে স্থাপন করার পারিবারিক ইচ্ছার কথা প্রকাশ করেন, তখন প্রধানমন্ত্রী তা সমর্থন করেছিলেন। হরদীপ সিং পুরী জানান, প্রধানমন্ত্রী দিল্লির গুরুদ্বার মতিবাগ সাহিব থেকে পাটনা সাহিব পর্যন্ত নগর কীর্তন ও শোভাযাত্রা আয়োজনের জন্যও সম্মতি দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী শিখ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক স্বার্থের সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গুরুদ্বারগুলোতে পরিবেশন করা লঙ্গরের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করার মতো সিদ্ধান্তর কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিখ সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্মান কেবল ভারতেই সীমাবদ্ধ নয়, বরং বিদেশেও তিনি শিখ সমাজ, তাদের ধর্মীয় স্থান এবং ঐতিহাসিক অবদানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।









