কুলগামে লস্কর কমান্ডার লতিফ ভাট খতম, কাশ্মীর উপত্যকার শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি বলে দাবি অমিত শাহের

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে লস্কর-ই-তইবার কমান্ডার মহম্মদ লতিফ ভাট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, কাশ্মীর উপত্যকায় লস্করের শেষ পরিচিত সক্রিয় স্থানীয় জঙ্গি ছিল লতিফ। বুধবার ভোরে জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে তার মৃত্যু হয়। এর আগে কুলগামেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল তার সহযোগী উমর নিসার।
সমাজমাধ্যম এক্স-এ অমিত শাহ জানান, বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় রেখেই এই অভিযান চালানো হয়েছে। তাঁর কথায়, অভিযানের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে অত্যন্ত ভালো বোঝাপড়া ছিল। জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থার জওয়ানদের সাহসিকতার প্রশংসা করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনার চিনার কোরের তথ্য অনুযায়ী, পুলিশের কাছ থেকে পাওয়া নির্দিষ্ট গোয়েন্দা খবরের ভিত্তিতে কুলগামের জঙ্গলপুরা এলাকায় ‘অপারেশন জঙ্গলপুরা’ শুরু হয়। সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে গোটা এলাকা ঘিরে ফেলে। অভিযানের সময় লতিফ একটি মসজিদে আশ্রয় নেয়। ধর্মীয় স্থানের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে পদক্ষেপ করে। পরে তাকে মসজিদ চত্বরের বাইরে বের করে এনে খতম করা হয় বলে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে।
কুলগামের পুলিশ সুপার আনায়াত আলি জানিয়েছিলেন, লতিফকে আত্মসমর্পণের জন্য একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল। ফোনে কথা বলার পাশাপাশি ভিডিও কলেও তাকে বোঝানোর চেষ্টা করেন তিনি নিজে। কিন্তু লতিফ আত্মসমর্পণে রাজি হয়নি। পুলিশের দাবি, রাত ২টো ৪৫ মিনিট নাগাদ সে মসজিদে ঢুকে গুলি চালায়। মসজিদের কোনও ক্ষতি না করে অভিযান শেষ করাই ছিল নিরাপত্তা বাহিনীর অন্যতম লক্ষ্য। মসজিদ থেকে কাঁদানে গ্যাস ব্যবহার করে তাকে বাইরে বের করার চেষ্টাও করা হয় বলে পাওয়া তথ্যে জানা গিয়েছে।
বুধবার সকালে কাশ্মীর জোন পুলিশ এক্স-এ জানায়, সংঘর্ষস্থল থেকে এক জঙ্গির দেহ এবং অস্ত্র উদ্ধার হয়েছে। পরে নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, সে কুলগামের খ্রেওয়ান গ্রামের বাসিন্দা মহম্মদ লতিফ ভাট। বয়স ২২ বছর। আগে পেশায় ছুতোর ছিল সে। তার মাথার দাম ধার্য ছিল ১৫ লক্ষ টাকা।
লতিফের বিরুদ্ধে গত ১১ নভেম্বর কুলগামের একটি সিআরপিএফ চেকপোস্টে হামলা চালানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। তদন্তকারী সংস্থাগুলির দাবি, হামলার আগে লতিফ ও তার সহযোগী উমর নিসার বিভিন্ন এলাকায় ঘুরে নিরাপত্তা বাহিনীর অবস্থান ও সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তাদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর আগে নিরাপত্তা বাহিনীর অভিযানে উমর নিসার নিহত হলেও লতিফ পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরে তাকে খুঁজে বের করতেই কুলগামে তল্লাশি ও ঘেরাও অভিযান চালানো হয়।
অভিযানের পর সিআরপিএফের মহানির্দেশক জি পি সিংহও জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “অভিনন্দন বন্ধুরা। কিছু খাবার ঠান্ডা করে পরিবেশন করলে ঠান্ডার মধ্যেও তার স্বাদ বেশি ভালো লাগে।” তাঁর এই মন্তব্যকে অভিযানের সাফল্য ঘিরে বাহিনীর উদ্দেশে অভিনন্দন হিসেবেই দেখা হচ্ছে।
Recent Posts