কুপওয়াড়ায় নিয়ন্ত্রণ রেখার কাছে উদ্ধার প্রায় ৬ কোটি টাকা মূল্যের মাদক

শ্রীনগর, ২৩ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে মাদক উদ্ধার করা হয়েছে| এর আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
রবিবার কুপওয়াড়া জেলার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার উত্তর কাশ্মীরের আমরোহি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৮২৭ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করেছে। আমরোহির বাসিন্দা জামির আহমেদ তুঞ্চের বাড়িতে তল্লাশি চালানো হয়| সেসময় একটি কালো পলিথিন ব্যাগে ওই মাদকদ্রব্য পাওয়া যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে| এর সঙ্গে অন্য কেউ যুক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।