লখনউ, ২৩ নভেম্বর : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার বাবু বনারসী দাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| সেখানে তিনি ও উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বক্তব্য রাখেন।
এ দিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যখন আপনারা চাকরির জগতে পা রাখবেন, তখন আপনাদের ডিগ্রি প্রথম সুযোগ এনে দেবে। কিন্তু এরপর আপনাদের পরিচিতি তৈরি হবে আপনাদের দক্ষতা দিয়ে, আপনাদের শেখার ক্ষমতা দিয়ে। তাই নিজের জন্য নতুন পথ তৈরি করতে ভয় পাবেন না। সেই পথে একা চলতেও ঘাবড়াবেন না।
রাজনাথ সিং এ দিন বলেন, আপনাদের ডিগ্রি আপনাদের পরিচয় নয়। নিজের আগ্রহ ও নিজের সামর্থ্য চিনুন এবং সেই অনুযায়ী নিজের পরিচয় গড়ে তুলুন। আজ আপনারা সবাই শিক্ষার্থী জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আপনাদের হাতে ডিগ্রি রয়েছে। আর আপনাদের সামনে রয়েছে সম্ভাবনাময় এক নতুন বিশ্ব। পরিশ্রম ও নিষ্ঠা থাকলে যা চাইবেন, তা-ই অর্জন করা সম্ভব।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা ‘মেক ইন ইন্ডিয়া’ চালু করেছি যাতে আমাদের যুবসমাজ কর্মসংস্থানের নতুন সুযোগ পায়। আমরা ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা’ শুরু করেছি, যাতে যুবকরা বড় সংস্থাগুলিতে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমরা ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’ গঠন করেছি, যাতে আমাদের দেশের যুবকরা গবেষণা করতে পারেন। রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের সরকার নিরন্তর কাজ করে চলেছে। দক্ষতা উন্নয়নের পরিবেশ তৈরি করার কাজও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।









