মেচি নদীতে তৈরি হবে ৮৫০ মিটার দীর্ঘ বাঁধ, খরচ হবে ১.৮০ কোটি টাকা

শিলিগুড়ি, ২৪ নভেম্বর : ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন নকশালবাড়ির গ্রামীণ এলাকাগুলিকে বন্যা ও নদীভাঙনের হাত থেকে বাঁচাতে মেচি নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরু হতে চলেছে। প্রায় এক কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নদীর তিনটি পৃথক স্থানে আনুমানিক ৮৫০ মিটার দীর্ঘ এই বাঁধ তৈরি করা হবে।সোমবার নকশালবাড়ির রকনজোতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের অর্থ ও পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এই বাঁধ নির্মাণ কাজের শিলান্যাস করেন।

গত বর্ষায় মেচি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার জেরে সংলগ্ন এলাকাগুলিতে বন্যার আশঙ্কা তৈরি হয় এবং কৃষকদের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছিল।বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেচি নদীর তীরবর্তী ১০টিরও বেশি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন। এবার গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সরকারের পক্ষ থেকে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হচ্ছে।আগামী বর্ষার আগেই নির্মাণ কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। শিলান্যাসের পর ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা ঘুরে দেখেন মন্ত্রী।এই সময় প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, মেচি নদী ছাড়াও মহানন্দা ও বালাসন সহ অন্যান্য নদীর যেসব এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেও মেরামত ও নতুন নির্মাণের কাজ করানো হবে।