ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে জনঔষধি কেন্দ্র চালুর দাবিতে সরব জেএসএম, জেলাশাসককে স্মারকলিপি

ঝাড়গ্রাম, ২৪ নভেম্বর : সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র। কিন্তু ঝাড়গ্রাম জেলার তিনটি ব্লকে এখনও এই কেন্দ্র চালু না হওয়ায় সমস্যার মুখে পড়ছেন বহু মানুষ। ব্র্যান্ডেড ওষুধের তুলনায় অনেক কম দামে ওষুধ কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বিনপুর-২, গোপীবল্লভপুর-২ ও জামবনি ব্লকের বাসিন্দারা। এই পরিস্থিতিতে জেলার প্রতিটি ব্লকে জনঔষধি কেন্দ্র চালুর দাবিতে সরব হল জঙ্গলমহল স্বরাজ মোর্চা (জেএসএম)।

সোমবার সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাঁদের দাবি, রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি করে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র চালু করতে হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যে মোট ১,০১৪টি জনঔষধি কেন্দ্র চালু রয়েছে। অথচ রাজ্যের ৩৪৫টি ব্লকের মধ্যে ১২৮টি ব্লকে এখনও কোনো কেন্দ্র নেই। এই কেন্দ্রগুলিতে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৫০ থেকে ৮০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়। ফলে দীর্ঘদিন ধরে যাঁদের নিয়মিত ওষুধ কিনতে হয়, তাঁদের কাছে এই কেন্দ্রগুলি যথেষ্ট উপকারী।

সংগঠনের পক্ষ থেকে প্রতিটি ব্লকে দ্রুত জনঔষধি কেন্দ্র চালুর পাশাপাশি স্থানীয় যুবক-যুবতী এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই কেন্দ্র পরিচালনায় উৎসাহিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতারও আবেদন জানানো হয়েছে। তাঁদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ওষুধের খরচ অনেকটাই কমবে।