পুণেতে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দম্পতির

পুণে, ২৪ নভেম্বর : মহারাষ্ট্রের পুণে জেলায় ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা।  দুর্ঘটনাটি ঘটেছে  সোমবার সকালে, জেজুরি-মোরগাঁও সড়কে রাজ্য পরিবহণ নিগমের একটি বাস এবং একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় মৃত্যু হয়েছে বাইকে থাকা এক দম্পতির। সোমবার এক পুলিশ আধিকারিক জানান, মৃতদের নাম মহেন্দ্র নাঝিরকর এবং রেশ্মা নাঝিরকর। তারা দুজনেই নাজারে কাডেপাথরের বাসিন্দা।

এদিন ওই পুলিশ আধিকারিক আরও জানান, বাসের ধাক্কায় বাইকে থাকা মহেন্দ্র নাঝিরকর এবং রেশ্মা নাঝিরকর গুরুতর আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দারা তাদের দু’জনকেই অ্যাম্বুল্যান্সে করে দ্রুত জেজুরির একটি হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পলাতক বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।