অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় বরকাঠালস্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে ‘গুরুদেব ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে রাজ্যপাল মহাযজ্ঞে তর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মন্দিরে পূজা অর্চনা করে রাজ্যের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ত্রিপুরা আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী। বিভিন্ন উৎসব ও ধর্মীয় পরম্পরায় সমৃদ্ধ এই রাজ্যের মানুষের হৃদয় ভক্তি ও নিষ্ঠায় পরিপূর্ণ। তিনি বলেন, শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের মতো আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলি মানুষের এই ভক্তি ও বিশ্বাসের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে এবং সমাজের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে লালন ও বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাজ্যপাল বলেন, গুরুদেব ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শুধুমাত্র একটি ভবন নির্মাণের সূচনা নয়, বরং এটি আধ্যাত্মিক জাগরণ, নৈতিক শিক্ষা এবং মানবতার সেবায় আত্মনিয়োগের এক ভবিষ্যৎ কেন্দ্র প্রতিষ্ঠার পদক্ষেপ। বর্তমান সমাজে আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলির গুরুত্ব তুলে ধরে রাজ্যপাল বলেন, আজকের দ্রুতগতির এবং নানা মানসিক চাপপূর্ণ জীবনে শান্তিকালী আশ্রমের মতো প্রতিষ্ঠানগুলি সমাজের সামাজিক ও আধ্যাত্মিক বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাজ্যপাল আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, আধ্যাত্মিক সুস্থতা ও কল্যাণের প্রসার এবং সামাজিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে এ ধরনের তৃণমূল স্তরের উদ্যোগকে ত্রিপুরা সরকার উৎসাহিত করে। এদিন রাজ্যপাল আশ্রমের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলের ইউনিফর্মও বিতরণ করেন। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও সমাহর্তা ডঃ বিশাল কুমার, শশীকান্ত পাণ্ডে এবং বিশিষ্ট সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুকেশ কলই এবং ধন্যবাদ জ্ঞাপন করেন চিত্ত মহারাজ। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।









