অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: আগামী ২৭ নভেম্বর, ২০২৬ সিপাহীজলা জেলায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগর সংস্থার নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের সরব প্রচার শেষ হবে ২৫ নভেম্বর, ২০২৬ বিকাল ৪টায়। সিপাহীজলা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় এক আদেশে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ ২৫ নভেম্বর, ২০২৬ বিকাল ৪টা থেকে ২৮ নভেম্বর, ২০২৬ সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
জেলাশাসক আদেশে জানিয়েছেন সিপাহীজলা জেলায় লাঠি, স্টিকস, লোহার রড, পাথর বা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন জিনিস নিয়ে ৫ বা ততোধিক ব্যক্তি সমবেত হতে পারবে না। ভোট গ্রহণ কেন্দ্রের ৪০০ মিটার এলাকার মধ্যে স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করে অথবা না করে কোন ধরণের সভা, মিছিল করা যাবে না। নির্বাচনের দিন একসঙ্গে দুটি মোটর বাইক বা গাড়ি একসঙ্গে চলাচল করতে পারবে না। ভোটারগণ ছাড়া নির্বাচন আধিকারিকের দেওয়া অনুমতিপত্র ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ২২৩ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলাশাসক আদেশে জানিয়েছেন নিম্নলিখিত ক্ষেত্রে এই আদেশ কার্যকরি হবে না। ভোটকর্মী, সিএপিএফ, নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অথবা তাদের গাড়ি, সংবাদমাধ্যমের প্রতিনিধি অথবা নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি।
নির্বাচন কমিশন অনুমোদিত পরিচয়পত্র সহ ভোটারগণ পায়ে হেটে অথবা নিজস্ব যানবাহনে ভোট দিতে আসা ভোটারগণ এবং ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারগণের ক্ষেত্রে। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এলাকার বাইরে থাকা ভোটারগণের বা তাদের পরিবারের সদস্যদের নিজস্ব যানবাহনের ক্ষেত্রে। ডিউটিতে থাকা সরকারি কর্মচারি অথবা পুলিশ/সিএপিএফ/আর্মড ফোর্সেস, এর ক্ষেত্রে দিনের বেলায় শিক্ষা সংক্রান্ত কাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েতের ক্ষেত্রে। সরকারি এবং বেসরকারি অফিসের প্রাত্যহিক কাজের ক্ষেত্রে, সাধারণ যাত্রী পরিবহণের ক্ষেত্রে ব্যবহৃত গাড়ি (ভোটারদের আনার জন্য এই গাড়িগুলি ব্যবহার করা যাবে না)।
উপাসনালয়ে জমায়েতের ক্ষেত্রে, বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান প্রভৃতি সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে নগদ অর্থ বা কোন উপহার দেওয়া যাবে না। সব বাজার এবং মান্ডিতে সাধারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। রিটার্নিং অফিসারের দেওয়া অনুমোদনপ্রাপ্ত প্রার্থীদের গাড়ির ক্ষেত্রে অথবা উপযুক্ত নির্বাচনী কর্তৃপক্ষের অনুমতি দেওয়া গাড়ি চলাচলের ক্ষেত্রে। ভোটারদের জল বিতরণকারী ব্যক্তির ক্ষেত্রে। দিব্যাঙ্গ ভোটারদের হুইল চেয়ার অথবা ভোট দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রের ক্ষেত্রে এই আদেশে ছাড় রয়েছে।









